শনিবার ১৩ জুন ২০২৬
Online Edition

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো শক্তিশালী করতে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্ভোগ কমাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নতুন একটি আঞ্চলিক কেন্দ্র হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এছাড়াও শীঘ্রই কুমিল্লা, ময়মনসিংহ, বগুড়া, ফরিদপুর ও চুয়াডাঙ্গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র খোলা হবে। নতুন এ ছয়টি আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হলে বিশ্ববিদ্যালয়টির মোট আঞ্চলিক কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ১২-তে। শনিবার এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান। 

আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ২০২৫ সালের ভিতরে বাকি পাঁচটি নতুন আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হবে। ইতোপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোকে শুধুমাত্র পরীক্ষা সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়েছে। কিন্তু এখন থেকে পরীক্ষা সংক্রান্ত কাজ ছাড়াও কলেজ মনিটরিং, শিক্ষক প্রশিক্ষণ এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সম্পর্কিত কাজেও ব্যবহার করা হবে।” তিনি আরও বলেন, প্রতিটি আঞ্চলিক কেন্দ্রকে এমনভাবে গড়ে তোলা হবে যেন প্রতিটি কেন্দ্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক হাব হিসেবে কাজ করে। 

হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ, জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সচিব মোঃ আমিনুল আক্তার, অতিরিক্ত রেজিস্ট্রার ও সচিব-২ মোঃ নজরুল ইসলাম, অভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জসিম উদ্দীন, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিউল করিম, এস্টেট দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোসলেম উদ্দিন, সিলেট আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আবু হোরায়েরা, স্থানীয় কলেজের অধ্যক্ষবৃন্দ, হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

অনলাইন আপডেট

আর্কাইভ